চট্টগ্রামের কর্ণফুলীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার শিকলবাহা চৌধুরী মসজিদ রোড এবং শিকলবাহা কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন ।
অভিযানে বি এস টি আই হতে মান সনদ গ্রহন ব্যতীত আইসক্রীম পণ্য ও বেকারী পণ্যের উৎপাদন, বিক্রয়, মোড়কজাতকরণ ও বিতরণের দায়ে বি.এস.টি.আই আইন ১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ডের বিবিধ ধারায় নিউ পুলার আইসক্রীম ফ্যাক্টরী নামক একটি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা এবং আধুনিক ব্রেড এন্ড বেকারী নামক প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত ২ প্রতিষ্ঠানকে বি এস টি আই এর যথাযথ মানদন্ড অনুসরণ এবং ফ্যাক্টরী আধুনিকীকরণ নিশ্চিত করে বি.এস.টি.আই এর অনুমোদন নিয়ে প্রতিষ্ঠানসমূহের পণ্য উৎপাদন করার নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে বি.এস.টি.আই এর ফিল্ড অফিসার জেরিন তাসনিম এবং পরীক্ষক প্রিময় মজকুরী জয় উপস্থিত ছিলেন। এছাড়াও কর্ণফুলী থানার একটি পুলিশ টিম অভিযানে সহযোগিতা করেন।
বা/২০২৫/মুরাদ




