ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার
তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে চায় জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তবে নির্বাচনকে স্বীকৃতি দিতে রাজি না হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর, তার সঙ্গে আলোচনায় রাজি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে থাকা জয়ের সাক্ষাৎকার নেয় ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভি। বাংলাদেশ সময় শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে টেলিভিশনটি এ সাক্ষাৎকার সম্প্রচার করে।
এসময় তিনি বলেছেন, আমি এমন একজন মানুষ, যে সবসময় আলোচনায় বিশ্বাস করে, তা যত কঠিনই হোক বা যার সঙ্গেই হোক। এটাই আমার কৌশল, জীবনে সবসময়ই এভাবেই চলেছি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে জাতিসংঘসহ বিভিন্ন দেশ স্বাগত জানালেও এ নির্বাচনকে ‘প্রহসন’ বলছেন তিনি।
সজীব ওয়াজেদ জয় বলেন, দেশের সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। মূলত এমনভাবে সাজানো একটি নির্বাচন হয়েছে, যাতে সবচেয়ে বড় ইসলামপন্থি দল জামায়াতে ইসলামী তাদের জনসমর্থনের তুলনায় অনেক বেশি প্রভাব সংসদে পায়।
তিনি আরও বলেন, দেশের দুই প্রধান রাজনৈতিক দলের একটি নিষিদ্ধ– এমন নির্বাচনকে কীভাবে গ্রহণযোগ্য বলা যায়? যুক্তরাজ্যে যদি টোরি বা লিবারেলদের যে কোনো একটি দল নিষিদ্ধ করা হতো, সেটার সমতুল্য পরিস্থিতি এটি।
তিনি এ নির্বাচনকে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলা যায় না বলেও মন্তব্য করেছেন।




