রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৩৯টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের পাঠানো হচ্ছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর কার্যক্রম শুরু হয়েছে এবং বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প ও প্রয়োজনীয় ফরমসহ সব নির্বাচনী উপকরণ আনুষ্ঠানিকভাবে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সেগুলো নির্ধারিত ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে। দুর্গম ও পাহাড়ি এলাকার কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থায় সরঞ্জাম পরিবহন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য উপজেলার গুরুত্বপূর্ণ স্থান—বিশেষ করে চৌমুহনী শাপলা চত্বর ও বিএনপি অফিসের সামনে—সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে রিয়েল-টাইমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর পরিস্থিতির আভাস পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
উল্লেখ, রাঙ্গামাটি আসনে সাতজন প্রার্থীর বিপরীতে বাঘাইছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮১ হাজার ৩৪৪ জন।
এদিকে নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা টহল জোরদার করেছে। এছাড়া তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্টদের আশা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাঘাইছড়িতে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
সংবাদটির পাঠক সংখ্যা : 6




