আলোচিত ‘ইসকন নেতা’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে আদালত পাড়ার ঘটনা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

 

বুধবার (১ জানুয়ারি) দুপুরে আদালত পাড়ায় এক মানববন্ধনে সমিতির নেতারা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরেরও দাবি জানান।

আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, সাইফুল ইসলামের হত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত ও যারা পরোক্ষভাবে এই পরিকল্পনায় জড়িত ছিলেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আজকে নতুন বছরের প্রথমদিন। বিশ্বের বিভিন্ন জায়গার মতো বাংলাদেশেও নববর্ষ পালন করা হচ্ছে। কিন্তু আজ পহেলা জানুয়ারি চট্টগ্রাম আইনজীবী সমিতি শোকাহত হয়ে এদিন পালন করছি। কারণ এই ইসকনের সন্ত্রাসীরা যে নারকীয় কর্মকাণ্ড ঘটিয়েছে, দীর্ঘ ১৩১ বছরে এই আদালত প্রাঙ্গণে এমন ঘটনা ঘটেনি। আমরা প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট এবং একটাই। যারা আমাদের ভাইকে হত্যা করেছে সেই হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত তদন্ত শেষ করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এই স্পষ্ট দাবি নিয়ে আজকে আমরা এখানে মানববন্ধন করছি। আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন থেকে সরকারকে জানিয়ে দিতে চাই, ইসকনের সন্ত্রাসীরা আমাদের ভাইকে নির্মমভাবে হত্যা করেছে তাদের শাস্তি চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই বলে এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না।
তিনি আরও বলেন, এখনো যারা গ্রেপ্তার হয়নি তাদেরকে অতিদ্রুত গ্রেপ্তার করে তদন্ত শেষ করে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা বাংলাদেশের ৭০ হাজার আইনজীবীর দাবি এটি। একজন আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হওয়া এটা নজিরবিহীন, তাই আমাদের দাবি একটাই।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবদুল কাদের, সহসভাপতি মো. মাহফুজুর রহমান, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম কামাল, অর্থ সম্পাদক কাজী মো. আশরাফুল হক আনসারী, পাঠাগার সম্পাদক আহমেদ কবির, সাংস্কৃতিক সম্পাদক মারুফ মো. মাজেবুল আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অভিজিত ঘোষসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

 

 

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email