দ্যা কমনওয়েলথ এশিয়া রিজিওনাল ইয়ুথ লিডারশীপ সামিট ২০২৪, কুয়ালালামপুর, মালেশিয়ায় বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে অংশগ্রহণ করেছেন চট্টগ্রামের বোয়ালখালী’র মুক্তিযোদ্ধা পরিবারের কৃতি সন্তান মুহাম্মদ হুসাইন পাভেল।
বিভিন্ন সেক্টরে এশিয়ার দেশগুলোর তরুণদের নেত্বত্ব দেওয়া প্ল্যাটফর্মগুলোর প্রতিনিধিদের নিয়ে ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত হলো ‘দ্যা কমনওয়েলথ এশিয়া রিজিওনাল ইয়ুথ লিডারশীপ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বিগত ২২ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ, ব্রুনেই, ভারত, মালদ্বীপ, মালেশিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কাসহ ৮টি দেশে নেতৃত্বদানকারী তরুণরা এ সামিটে অংশগ্রহণ করে। ‘বেটার ফিউচার বাংলাদেশ’ নামে তরুণদের একটি প্ল্যাটফর্ম বিগত ৯ বছর যাবৎ জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা, দূর্যোগ ব্যবস্থাপনা, ইমার্জেন্সি রেস্পন্স টিম এবং জেন্ডার ভিত্তিক বৈষম্য এড়াতে কাজ করছে তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক এবারের সামিটে ‘বেটার ফিউচার বাংলাদেশ’ এর প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছিলেন মুহাম্মদ হুসাইন পাভেল।
কেমন ছিলো এবারের সামিট জানতে চাইলে তরুণ এ নেতৃত্ব জানান, এটি একটি অন্যরকম অনুভূতি। এশিয়ার অনেকগুলো দেশে যেসকল তরুণরা নেতৃত্ব দিচ্ছে তারা সবাই একই ছায়াতলে এসে তাদের নিজেদের দেশের সার্বিক চিত্র এবং পুরো এশিয়ার তরুণদের নিয়ে কথা বলেছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবার বক্তব্যে উঠে এসেছে। এর ফলে পরিবর্তিত বিশ্বে করণীয় সম্পর্কে তাদের মতামত তুলে ধরেছে। এটি নি:সন্দেহে আমার জন্য গর্বের যে এতোগুলো দেশের তরুণদের সাথে আমি আমার দেশের বিভিন্ন ক্ষেত্রে যে ক্রমবর্ধমান পরিবর্তন সেটি নিয়ে কথা বলেছি। পাশাপাশি আমার প্ল্যাটফর্ম ‘বেটার ফিউচার বাংলাদেশ’ এর সাথে কিভাবে আমরা সমন্বিতভাবে কাজ করতে পারি সে বিষয় নিয়ে কথা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত দিনগুলোতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে কিভাবে তরুণদের বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণ চলছে এবং এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত ট্রাস্ট গঠন করেছে।
৫ দিন ব্যাপী এ সম্মেলনে ৮টি দেশের সিনিয়র অফিসার ও উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সিনিয়র অফিসিয়ালস হিসেবে অংশগ্রহণ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব শাখার উপসচিব জনাব ড. জহিরুল ইসলাম।




